মুন মোনালিসার কণ্ঠে লালনের গান

লালন ফকিরের ‘আমায় রাখিলেন সাঁই কূপজল করে আন্দেলা পুকুরে’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন কণ্ঠশিল্পী মুন মোনালিসা। ‘আন্দেলা পুকুরে’ শিরোনামের গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

লালনের মূল গানটিকে শ্রোতাদের কাছে নতুনভাবে পৌঁছে দিতে এর সংগীতায়োজন করেছেন মারুফ চৌধুরী। গানটিতে আবহ সৃষ্টিতে ঢোলে মাসুম, বাঁশিতে মামুন, দোতারায় আনন্দ এবং কিবোর্ডে যুক্ত ছিলেন মীর মাসুম, যিনি গানটির মিক্স-মাস্টারিংয়ের দায়িত্বেও ছিলেন। এইচ এম হাসনাইনের চিত্রগ্রহণে গানটির ভিডিও সম্পাদনা, আর্টওয়ার্ক এবং ইংরেজি সাবটাইটেল তৈরি করেছেন সৈয়দ নূর জুয়েল।

লালনের আধ্যাত্মিক দর্শন ও আত্মঅনুসন্ধানের ভাবনায় সমৃদ্ধ গানটির শুরুর কথায় রয়েছে এক আকুল মিনতি- ‘কবে হবে সজল বরষা/রেখেছি মন এই ভরসা/এই পাপীর এই ভগ্নদশা/ঘুচবে কতদিন পরে।’ মুনের এই পরিবেশনাটি লোকসংগীতপ্রেমীদের মনে নতুন মাত্রা যোগ করবে।