চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে কাভার্ডভ্যান থামিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায় চালক।
রবিবার (৩০ আগস্ট) সকালে বাঁশখালী থানার এসআই মোহাম্মদ আরিফ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের পৌরসভার দক্ষিণ জলদী মহাজনঘাটায় পাকা সড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২) চেকপোস্টের সামনে এসে থামে। পরে চালক দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে কাভার্ডভ্যানটি তল্লাশি করে চালকের আসনের পেছন থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।