রংপুরে ৪ খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ত্রাণমন্ত্রী

রংপুরে শিক্ষকসহ ৪ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

তিনি বলেন, জঘন্যতম এই হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিলসহ অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় গনপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রাণমন্ত্রী রংপুরের এই হত্যার বিষয়ে কথা বলেন।

শিক্ষক গনপতি চক্রবর্তীসহ পরিবারের চার হত্যার ঘটনাটি  রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যার নিন্দা জানানোর ভাষা নেই। মাদকাক্ত হয়ে তারা সবসময় এই বাসাতে গিয়ে হয়তো গনপতি চক্রবর্তীকে ডিস্টার্ব করতেন। সেই কারণে বাধা দিতে গিয়ে তিনি পরিবারসহ নির্মম হত্যার শিকার হয়েছেন।

সাদুল হাবীব দুলু বলেন, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন মূল যে দুই আসামিতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স। ইতোমধ্যে সরকার কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। রামিসাকে যখন হত্যা করা হয়েছিল। সেই হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়াসহ বিচার কার্য শেষ হয়েছে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুইজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। তাই এখানে আর সন্দেহের কিছু নেই।

এ সময় মন্ত্রীর সঙ্গে  আরও উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।