কাতালান পরাশক্তি বার্সেলোনায় খেলার স্বপ্ন এখনই সত্যি হচ্ছে না—বাস্তবতা মেনে নিয়ে শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেস। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, রবিবার (৩০ আগস্ট) সতীর্থদের সঙ্গে মূল অনুশীলনে যোগ দেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অনুশীলনে তাঁকে বেশ গম্ভীর দেখা গেলেও, ক্লাবে তাঁর প্রত্যাবর্তনের মাধ্যমে সার্বিক পরিস্থিতিতে কিছুটা হলেও স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।
গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডো বন্ধ হতে আর মাত্র দুই দিন বাকি। অলৌকিক কিছু না ঘটলে আলভারেজের মাদ্রিদেই থেকে যাওয়ার সম্ভাবনা এখন নিশ্চিত। আতলেতিকোর প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিল মারিনের সাম্প্রতিক কড়া বার্তার পর তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন যে ক্লাব বার্সেলোনার সাথে কোনো আলোচনাতেই যাবে না।
আলভারেজের সামনে দুটি স্পষ্ট বিকল্প রেখেছিল আতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ: ক্লাবে থেকে যাওয়া নয়তো ১৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রাজি হয়ে আর্সেনালে চলে যাওয়া। তবে লন্ডনের ক্লাবটিতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে আর্সেনাল ম্যানেজার মিকেল আরতেতাকে নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন আলভারেজ স্বয়ং।
আতলেতিকোর ডিরেক্টর অফ ফুটবল মাতেউ আলেমানি জানিয়েছেন, "হুলিয়ানের কয়েকদিন শরীর ভালো ছিল না। সে অনুশীলনে ফিরেছে এবং আগামী ম্যাচে ওকে পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। ক্লাব ও বোর্ডের অবস্থান ইতোমধ্যেই পরিষ্কার করা হয়েছে।"
বার্সেলোনা অপশন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া এবং আর্সেনালের প্রস্তাব আলভারেজ নিজেই প্রত্যাখ্যান করায়, আপাততঃ মেত্রোপোলিতানোতেই নিজের ভবিষ্যৎ নিশ্চিত করলেন এই স্প্যানিশ জায়ান্টদের ফরোয়ার্ড।