যুবলীগের বিক্ষোভ মিছিল থেকে আনোয়ারায় আটক ৩০

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করার সময় ৩০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস (হাইস) জব্দ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল জননেত্রী শেখ হাসিনাসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি।

রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ব্যানারে কিছু কিশোর ও যুবক মিছিল বের করলে সেখানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় মিছিল থেকে ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দুটি মাইক্রোবাস জব্দ করা হয়। 

আটকরা হলেন— বাঁশখালীর বাহারছড়া এলাকার নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), সাহেদ হোছাইন (১৮), মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), আজাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মো. মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।