নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে তারা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ওই চার নেতা। শুনানি শেষে বিচারক মো. রেজাউল করিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া চার নেতা হলেন— জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নারায়ণ চন্দ্র পাল রানা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র।
আদালত সূত্র জানায়, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওই চার নেতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা ররিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, জেলহাজতে পাঠানো ওই চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।