জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনু (২৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সিয়াদ হাসান মিনু ওই গ্রামের সাহেব আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সিয়াদ হাসান মিনুকে আটক করা হয়।
পরে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
আসমা উল হুসনা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।