রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে নিহত স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) হত্যা মামলার মূল সন্দেহভাজন ছিনতাইকারী মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার সহযোগী সেড্রিক এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২ জানায়, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল। নিহত রনজিনার স্বামী আব্দুল মতিনও ঘটনাস্থলে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় আসছিলেন। তারা রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী রনজিনার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিক্ষিকা রনজিনার স্বামী আব্দুল মতিন শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি ২৯ আগস্ট দায়ের করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ চাঁদপুরে চুরি, ছিনতাই, মাদক, ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব-২।