জামালপুরের মাদারগঞ্জে বাড়ির আঙিনায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে খুশি মনি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরের পর উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খুশি মনি ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল শিশু খুশি মনি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে ওঠে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।