লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক

১১ দলের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচীর আয়োজন করা হচ্ছে। এ কর্মসূচী  সফল করতে আজ রবিবার (৩০ আগস্ট) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকের আয়োজন করা হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে ওই লংমার্চ কর্মসূচীর আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক ওই বৈঠকে সভাপতিত্ব করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলনা আ ফ ম আব্দুস সাত্তার ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকার, এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুক। এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ, প্রচার, আইটি, চিকিৎসা বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 

বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক লোকের উপস্থিতিতে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরুর প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে লংমার্চ সফলে সব ধরনের প্রস্তুতির বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। দেশবাসীকে লংমার্চ সফল করে জনগণের ন্যায্যদাবি আদায়ে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।