উ.কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

উত্তর কোরিয়ার সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ গতকাল রবিবার জানায়, সর্বোচ্চ নেতা কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই ‘কাঠামোগত পুনর্গঠন পরিকল্পনা’ অনুমোদিত হয়। কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে নো কোয়াং চোলকে সরিয়ে শাসক দলের অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপ-পরিচালক পদে নামিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কোরিয়ান পিপলস আর্মির জেনারেল পলিটব্যুরোর প্রধান কিম সং গি।

একই সঙ্গে দেশটির অন্যতম প্রভাবশালী প্রতিরক্ষা উপদেষ্টা পাক জং চোনকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের শক্তিশালী পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল ও পদোন্নতি ঘোষণা করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পরপরই উত্তর কোরিয়ার সামরিক নেতৃত্বে এই বড় পরিবর্তনের ঘটনা ঘটল। পিয়ংইয়ং বরাবরই এ ধরনের যৌথ মহড়াকে দেশটিতে আগ্রাসনের মহড়া হিসেবে কঠোর সমালোচনা করে আসছে।