বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে আজ

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরের পর্দা উন্মোচিত হয়েছে কদিন আগে; হয়ে গেছে তিনটি ম্যাচ। তবে বাংলাদেশ নারী দলের মিশন শুরু হচ্ছে আজ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে টাইগ্রেসরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ এশিয়া কাপের মঞ্চে প্রথমবার খেলতে আসা ইন্দোনেশিয়া।

কাগজে-কলমে এবং অভিজ্ঞতায় এই ম্যাচে স্পষ্ট ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ী বাংলাদেশ এই টুর্নামেন্টের অন্যতম পরাশক্তি। অন্যদিকে ইন্দোনেশিয়া এই প্রথম মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। অভিজ্ঞ টাইগ্রেসদের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করাই হবে টুর্নামেন্টের নবাগত দলটির মূল চ্যালেঞ্জ।

বি-গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফলে সেমিফাইনালের পথ সহজ করতে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুধু জয় নয়, বরং রান রেট বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টুর্নামেন্ট শুরুর আগেই স্পষ্ট করে দিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য এবার রানার্স-আপ বা সেমিফাইনাল বাধা টপকে সরাসরি ফাইনাল খেলা।