বিতর্ক পেছনে ফেলে মাঠে নামছে জোন্সের শিষ্যরা

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

উজবেকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়েই অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। রাত ৮টায় তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে জেরার্ড জোন্সের দল। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। তাই প্রথম ম্যাচেই শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পাওয়াই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

দেশ ছাড়ার আগে কোচিং স্টাফের ভেতরের অস্বস্তি নিয়ে আলোচনা থাকলেও এখন সেসব পেছনে ফেলে মাঠের খেলায় মনোযোগী বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে অবশ্য প্রশ্ন ছিল। ভারত ও সিরিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি দলটি। তবে দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের দাবি, মাঠের প্রস্তুতিতে দলের কোনো ঘাটতি রাখেননি তিনি। রবিবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জোন্স বলেন, ‘এই টুর্নামেন্টে প্রস্তুতির অংশ হিসেবে ১০টি ম্যাচ খেলেছে আমার দল। এর মধ্যে চারটি ছিল নিজেদের মধ্যে এবং ছয়টি বাইরের দলের বিপক্ষে। তবে সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।’

প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ফর্টিজ এফসির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচটিকে দেখছেন জোন্স। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা পেশাদার দলের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার অভিজ্ঞতা উজবেকিস্তানের বিপক্ষে কাজে দেবে বলে মনে করেন তিনি। এমনকি সুযোগ কাজে লাগাতে পারলে ওই ম্যাচে বাংলাদেশ ৪-২, ৫-২ কিংবা ৬-২ ব্যবধানেও জিততে পারত বলে দাবি কোচের। তার কথা, ‘ফর্টিজের বিপক্ষে ম্যাচটি উজবেকিস্তানের বিরুদ্ধে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেগুলোর জন্য আমাদের প্রস্তুত করতে দারুণ সাহায্য করবে।’

উজবেকিস্তানকে নিয়েও নাকি যথেষ্ট বিশ্লেষণ করেছেন বাংলাদেশের এই কোচ। প্রতিপক্ষ বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারদর্শী, দ্রুত কাউন্টার-প্রেসিং করে এবং হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত। এ সবই জানেন তিনি। তাই তার লক্ষ্য, নিজেদের মানসিকতা ও সামর্থ্যরে পরিচয় দিয়ে চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়া। জোন্স বলেন, ‘তারা বলের ওপর নিয়ন্ত্রণ ভালো রাখতে পারে, দ্রুত কাউন্টার-প্রেস করে এবং হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত। তবে তাদের দুর্বলতার দিকগুলোও আমাদের জানা এবং আমরা সেগুলোর সুযোগ নেওয়ার চেষ্টা করব।’

স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসের ঘাটতি নেই জেরার্ডের। ‘এই দলটি নিয়ে আমি ভীষণ আত্মবিশ্বাসী; আমরা চমৎকার পারফরম্যান্স উপহার দেব, দলের মানসিকতা ফুটিয়ে তুলব এবং দেশবাসীকে আমাদের আসল সামর্থ্য দেখাব এটিই আমাদের মূল লক্ষ্য’ বলেন জোন্স। তবে প্রতিপক্ষের পাশাপাশি তাসখন্দের কন্ডিশনও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। শুষ্ক আবহাওয়া ও তীব্র রোদের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচের সময়ের সঙ্গে মিলিয়ে অনুশীলনের সূচি করা হয়েছে। জোন্সের বিশ্বাস, প্রস্তুতির কারণে আবহাওয়ার দিক থেকে উজবেকিস্তান বাড়তি সুবিধা পাবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত