১১ বছর পর বাবু ফের ম্যানেজার

জাতীয় দলের ম্যানেজার পদ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরে চলা আলোচনা ও চাপের অবসান ঘটেছে। ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। তবে আগের ম্যানেজার আমের খানকে পুরোপুরি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব। ফলে জাতীয় দলের ব্যবস্থাপনায় নতুন দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সমাধান হলো ম্যানেজার ইস্যুর।

সর্বশেষ ২০১৫ সালের কেরালা সাফে পুরুষ জাতীয় দলের ম্যানেজার ছিলেন আমিরুল ইসলাম। এরপর তিনি নারী জাতীয় দলের ম্যানেজার হিসেবে দীর্ঘ ১০ বছর (২০১৫-’২৫) দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১১ বছর পর আবারও পুরুষ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সংগঠক। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। ম্যানেজারের দায়িত্বে থাকবেন আমিরুল ইসলাম। আর টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন জাতীয় দল কমিটির সদস্য আমের খান।

গত ২৮ আগস্ট জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার পদ নিয়ে একাধিক নির্বাহী সদস্য আগ্রহ প্রকাশ করেছিলেন। ওই সভায় আমিরুল ইসলামও ম্যানেজারের দায়িত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শেষ পর্যন্ত তাকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।

এর আগে প্রায় দেড় বছর জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন আমের খান। তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় তার নিয়োগ নিয়ে ফেডারেশনের ভেতরে প্রশ্নও উঠেছিল। নতুন সিদ্ধান্তে তাকে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়ায় জাতীয় দলের সঙ্গে তার সম্পৃক্ততাও থাকছে।