বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপরই প্রতি ব্যারেল তেলের দাম ১ ডলারের বেশি বেড়ে যায়। খবর আলজাজিরার।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট জিএমটি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনার একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। তবে এই উত্তেজনা কত দিন চলবে, তা এখনই বলা কঠিন। এটি কয়েক দিনও স্থায়ী হতে পারে, আবার কয়েক সপ্তাহও চলতে পারে।