মুন্সীগঞ্জে ৫ ফার্মেসিকে জরিমানা, অবৈধ ওষুধ জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ জব্দ করা হয়।

রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিবন্ধনহীন ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বিক্রমপুর মেডিসিন কর্নারের মালিক মাহবুব আলমকে ২০ হাজার টাকা, হাসান মেডিসিন কর্নারের মালিক মো. হাসানকে ১৫ হাজার টাকা, অজয় মেডিসিন কর্নারের মালিক অজয় পালকে ১৫ হাজার টাকা, মোল্লা ফার্মেসির মালিক সোহরান উদ্দিনকে ১৫ হাজার টাকা এবং আনহা ফার্মেসির মালিক মো. সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।