মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ভেঙে ধ্বংস করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙ্গামালিয়া, বাসাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শাহিন (৪৪), হাসেম মৃধা (২৭), আক্তার হোসেন (২৮) ও মো. মুসা (২০)।
অভিযান সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বাসাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের লোকালয়, কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চারজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নদী ও ফসলি জমিতে স্থাপন করা অবৈধ বালু সরবরাহের বিপুল পরিমাণ পাইপ ভেঙে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।