শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় আজ

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট) ঘোষণা করা হবে। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স ও তার করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন হাইকোর্ট।

এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি। পরে নতুন তারিখ হিসেবে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হয়। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। মামলায় অভিযোগ করা হয়, তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন।

আট দিন হাসপাতালে অচেতন থাকার পর ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়ার মৃত্যু হয়। পরে সামরিক হেলিকপ্টারে করে তার মরদেহ মাগুরায় নেওয়া হয় এবং জানাজা শেষে দাফন করা হয়।

এ ঘটনায় ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৭ মে শেষ হয়। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে ১৭ মে রায় ঘোষণা করা হয়।

রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার অপর তিন আসামি-সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।

আইন অনুযায়ী, কোনো আদালত মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো বাধ্যতামূলক। সেই ধারাবাহিকতায় মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। শুনানি শেষে উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় এখন বহুল আলোচিত এ মামলা।