দ্বৈত পেশার আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি, ব্যবসা কিংবা অন্যান্য পেশায় নিয়োজিতদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ, নির্দেশনা বা সতর্কবার্তা দেওয়া এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের একটি তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। 

বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। গত মাসের শেষ দিকে তিনি হাইকোর্টে এ রিট আবেদনটি করেছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।

সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিল বরাবর একটি আবেদন দাখিল করেছিলেন এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। 

তবে, এতে সাড়া না পেয়ে চলতি বছরের ১২ আগস্ট বার কাউন্সিল বরাবর একটি আইনি নোটিশ পাঠান তিনি। তাতেও কাজ না হওয়ায় গত ২৬ অক্টোবর হাইকোর্টে এ রিট আবেদনটি করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত