২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হন।

রবিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে হিরা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

ভিতরবন্দ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম বলেন, পারিবারিকভাবে তার দাফনের প্রস্তুতি চলছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ মারা গেছেন কি না তা জানা নেই।