গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ঢাকা জেলা আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এর নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে রয়েছে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই তাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।
পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। নদী দূষণ রোধ, শিল্পবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।