ভোলা

দৌলতখানে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ভোলার দৌলতখান পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে পৌরসভার হালিম শাহ পুকুরের পেছনের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া ঘর দুটি জীবন বাবু ও দুলাল দেবনাথের বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুরের দিকে হঠাৎ জীবন বাবুর বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আগুন পাশের দুলাল দেবনাথের বসতঘরেও ছড়িয়ে পড়লে সেটিও পুড়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আশপাশের অন্যান্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেসুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা হতে পারে।