জাতীয় উদ্ভিদ উদ্যানে শিক্ষা সফরে বিএনএমপিসি ইকো ক্লাব

'ক্লাইমেট এ্যাকশন স্টার্টস উইথ ইউ' — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পরিবেশ বিষয়ক সংগঠন বিএনএমপিসি ইকো ক্লাব  এর উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ১০০ জন শিক্ষার্থীসহ জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকায় শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।  

দিনব্যাপী শিক্ষার্থীরা নানান উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ করেছে। বিকেলে পরিবেশ বিষয়ক কুইজ কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ হয়েছে। ইকো ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নুসাইবা বিনতে কবীর, মডারেটর  সহযোগী অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. তাজুল ইসলাম, এমফিল, পিএইচডি, এইসি বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (কলেজ) শরীফ  আহাম্মদ চৌধুরী, ক্লাবের কো-মডারেটরবৃন্দ ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিএনএমপিসি ইকো ক্লাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।