কাল মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব 

কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে অনুপ্রাণন প্রকাশন প্রকাশ করেছে তার ছোটোগল্প সংকলন ‘শখের বাগানে সাপ’ এবং উপন্যাস ‘নিয়ন্ত্রক’।  আর এই বই দুটি নিয়ে আগামীকাল বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলার মিলায়তনে মঞ্জু সরকারের গ্রন্থোৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মঞ্জু সরকারের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবেন প্রাবন্ধিক মফিদুল হক, অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস, গবেষক চৌধুরী মুফাদ আহমদ, কথাসাহিত্যিক জাকির তালুকদার, নাসিমা আনিস ও চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম।

স্বাগত বক্তব্য রাখবেন অনুপ্রাণনের প্রকাশক ও সম্পাদক আবু মুহম্মদ ইউসুফ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন মঞ্জু সরকার। 

অনুষ্ঠানে সংগীত পরিচালনা করবেন ড. অনুপম কুমার পাল। গ্রন্থোৎসবে মঞ্জু সরকারের বই বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

মঞ্জু সরকার বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কথাশিল্পী। তার জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৩, রংপুরে। এ যাবৎ প্রকাশিত অর্ধশতাধিক গ্রন্থে ছোটগল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯৮ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বেশ কিছু সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক লেখক কর্মসূচিতে অংশ নিয়েছেন। লেখকের সাহিত্যকর্ম কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সের জন্য অন্তর্ভুক্ত হয়েছে।

পেশাগত জীবনে দুই যুগেরও বেশি সময় জাতীয় গ্রন্থকেন্দ্রে চাকরি করার পর দুটি জাতীয় দৈনিক সংবাদপত্রে এক দশক সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি স্বাধীন ও সার্বক্ষণিক লেখক।