কথাসাহিত্যিক মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে মঞ্জু সরকারের গ্রন্থোৎসবের আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণন। আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুপ্রাণন থেকে প্রকাশিত গল্প সংকলন ‘শখের বাগানে সাপ’ এবং উপন্যাস ‘নিয়ন্ত্রক’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

মঞ্জু সরকারের দুটি গ্রন্থ নিয়ে আলোচনা করবেন লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক; শিক্ষাবিদ ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস; প্রাবন্ধিক ও লেখক চৌধুরী মুফাদ আহমদ; কথাসাহিত্যিক নাসিমা আনিস; কথাসাহিত্যিক জাকির তালুকদার এবং নাট্যকার, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক মঞ্জু সরকার। স্বাগত বক্তব্য রাখবেন সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক মনি হায়দার।

অনুষ্ঠানে সংগীত পরিচালনা করবেন ড. অনুপম কুমার পাল। গ্রন্থোৎসবে মঞ্জু সরকারের বই বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

লেখক পরিচিতি: মঞ্জু সরকার বাংলাদেশের অন্যতম বিশিষ্ট কথাশিল্পী। তাঁর জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৩, রংপুরে। এ যাবৎ প্রকাশিত অর্ধশতাধিক গ্রন্থে ছোটগল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯৮ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বেশ কিছু সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক লেখক কর্মসূচিতে অংশ নিয়েছেন। লেখকের সাহিত্যকর্ম কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি কোর্সের জন্য অন্তর্ভুক্ত হয়েছে।

পেশাগত জীবনে দুই যুগেরও বেশি সময় জাতীয় গ্রন্থকেন্দ্রে চাকরি করার পর দুটি জাতীয় দৈনিক সংবাদপত্রে এক দশক সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি স্বাধীন ও সার্বক্ষণিক লেখক।

উল্লেখযোগ্য কিছু গ্রন্থ: উপন্যাস: নিয়ন্ত্রক, উজানযাত্রা, অচল ঘাটের আখ্যান, অন্তর্দাহ, বরপুত্র, আবাসভূমি, অবগুণ্ঠন, দাঁড়াবার জায়গা, লেখক, প্রতিমা উপাখ্যান, দাম্পত্য বিলাস, তমস ও নগ্ন আগন্তুক।

ছোটগল্প: অবিনাশী আয়োজন, মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, রূপান্তরের গল্পগাথা, অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প, ডিজিটাল দেশের কৃষ্ণবিবর।

শিশু-সাহিত্য: ছোট্ট এক বীরপুরুষ, নান্টুর মেলা দেখা, আয়না পরির উড়াল, যুদ্ধে যাওয়ার সময়, ডিজিটাল দীপু ও মুক্তিযোদ্ধা দাদু।

ব্যক্তিগত নিবন্ধ: পথে নেমে পথ খোঁজা।

গল্পগ্রন্থ ‘শখের বাগানে সাপ’: দুঃশাসনে পিষ্ট জনজীবন ও সাম্প্রতিক অস্থির সময়ের চেহারা জীবন্ত হয়ে উঠেছে এ গ্রন্থের ছোট-বড় আটটি গল্পে। ক্ষুদে কৃষকের ‘গৃহপালিত গরুটার গতিপথ’ ও শিক্ষার্থী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, ‘কুড়ানি বুড়ি ভাদুর মা’র প্রকৃতিনির্ভর জীবন-সংগ্রাম, প্রেমিক-প্রেমিকার মিলনতৃষ্ণার মাঝেও ‘দাঁত ভাঙা হাসি’র মতো দুর্ঘটনার শঙ্কা কিংবা ‘কবর’শাসিত উন্নয়নের পটভূমিতে রচিত গল্পে যে স্বাদ-বৈচিত্র্য, তা যেন সাম্প্রতিক দেশকালের আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে।

‘জনৈক পেশাদার প্রতিবাদী’র মধ্যেও রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রিত রাজনৈতিক সংস্কৃতি এবং স্বৈরাচারী রাষ্ট্রক্ষমতা উৎখাতে গণআন্দোলনের প্রকৃত স্বরূপ উন্মোচনে ‘লুণ্ঠিত সিংহাসন’, ‘শখের বাগানে সাপ’ ও একাত্তরের মুক্তিযোদ্ধাকে নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী নিনাদ’-এর মতো গল্প রচনা করে সত্যসন্ধানী দায়বদ্ধ শিল্পীর ভূমিকা পালন করেছেন লেখক।

প্রথম সাড়াজাগানো গল্পগ্রন্থ ‘অবিনাশী আয়োজন’-এর ধারাবাহিকতায় শক্তিমান এ কথাশিল্পীর চতুর্দশতম গল্পগ্রন্থটিও সাধারণ মানুষের মুক্তিসংগ্রাম ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শৈল্পিক দলিল হয়ে টিকে থাকবে।

উপন্যাস ‘নিয়ন্ত্রক’: নিয়ন্ত্রিত ও নিয়ন্ত্রণাতীত মানুষের আখ্যান। এক পারকিনসন রোগীর অস্বাভাবিক কম্পিত জীবনে অনুভূত হয় অস্থির সময়ের স্পন্দন। গ্রামীণ সামন্তবাদী পরিবার থেকে উঠে আসা দুই ভাই। একাত্তরের মুক্তিযোদ্ধা বাচ্চু গৃহত্যাগী হয়ে স্বাধীন দেশে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের রাজনীতিতে নিবেদিত, বিপ্লবী ও নাস্তিক। অন্যদিকে সাচ্চু আজন্ম ভীরু স্বভাবের আস্তিক, পারিবারিক দায়-দায়িত্ব পালনে ব্যাংকের বাঁধা চাকরিজীবী।

দুরারোগ্য পারকিনসন রোগে আক্রান্ত হওয়ার পর আত্মনিয়ন্ত্রণে অক্ষম সাচ্চু জীবনের গভীর-গোপন সত্য শোনাতে স্মৃতিকথা লেখে। যাপিত জীবনের বাস্তবতা ও কল্পলোকে চাওয়া-পাওয়ার সরস বয়ানে একদিকে বিবাহ নামক সম্পর্কের বিষগেরোর যন্ত্রণা, অন্যদিকে ভালোবাসার বিকৃত ফাঁদে আনন্দ-তৃষ্ণায়—অবিস্মরণীয় হয়ে ওঠে মারিয়া, হেনা, শেফালি, টিয়াসহ অন্যান্য নারীচরিত্র। উন্মোচিত হয় সমাজের কদর্য চেহারা।

সাচ্চুর জীবনকথা পাঠকমনেও প্রশ্ন জাগায়—পরিবারের ভাঙা-গড়া, স্বার্থের সংঘাত এবং সুখ-অসুখে আন্দোলিত জীবনের প্রকৃত নিয়ন্ত্রক আসলে কে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত