‘বিষধর সাপ’ নেতানিয়াহু: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে 'বিষধর সাপ' হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে নেতানিয়াহুর প্রতারণামূলক কৌশল ও ভূমিকার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। খবর ইরানের ফার্স নিউজের। 

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি নেতানিয়াহুর কথিত প্রতারণামূলক কৌশল এবং ইসরায়েলের স্বার্থে ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর প্রচেষ্টার কথা তুলে ধরেন।  

আরাকচি বলেন, নেতানিয়াহু যখন হিব্রু ভাষায় কথা বলেন, তখন গর্বের সঙ্গে দাবি করেন যে তিনি যুক্তরাষ্ট্র সরকারকে বিভ্রান্ত করে ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে জড়িয়ে ফেলেছেন।

'তিনি প্রকাশ্যেই হাসি-ঠাট্টা ও বিদ্রূপের সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কে প্রায় এক হাজার ঘণ্টা উপস্থিতির মাধ্যমে কীভাবে তিনি মার্কিন জনমত ও নীতিনির্ধারণে প্রভাব ফেলেছেন', বলেন আরাকচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'অথচ ইংরেজিতে কথা বলার সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেন।'

নেতানিয়াহুকে 'ভাইপার' বা 'বিষধর সাপ' আখ্যা দেওয়ার ব্যাখ্যায় আরাকচি বলেন, মনোবিজ্ঞানে এই শব্দটি এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়, যারা প্রতারণাপূর্ণ ও কৃত্রিম আচরণ করেন, সবসময় নিজেদের কেবল ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন, কৃত্রিম আবেগ প্রকাশ করেন, অন্যরা যা শুনতে চায় তা-ই বলেন এবং একই সময়ে সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন।