প্রথম কিস্তির পর দর্শকের অনুরোধে নির্মিত হচ্ছে ড্রামা সিরিয়াল ‘বোহেমিয়ান ঘোড়া’র দ্বিতীয় কিস্তি। এটি পরিচালনা করছেন অমিতাভ রেজা চৌধুরী ও তার স্ত্রী মুশফিকা মাসুদ। বিষয়টি অমিতাভ রেজা নিজেই নিশ্চিত করেছেন। প্রথম কিস্তিতে ট্রাকচালক আব্বাসের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন মোশাররফ করিম। কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সময় একের পর এক বিয়ে করেন তিনি। গোপনে করা সেই আট বিয়ে এবং আট সংসারকে ঘিরেই তৈরি হয় নানা হাস্যরস, জটিলতা ও বিপত্তি। গল্পের ভিন্নতা ও মোশাররফ করিমের অভিনয় সিরিজটিকে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় করে তোলে।
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। মুক্তির পর দর্শকদের মধ্যে ভালো সাড়া পায় সিরিজটি। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু করছেন নির্মাতা। তবে ‘বোহেমিয়ান ঘোড়া ২’-এর গল্পে কী থাকছে, আব্বাসের জীবনে নতুন কী ঘটবে কিংবা আগের আট সংসারের গল্প কতটা এগোবে এসব বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না অমিতাভ রেজা।
এর আগে নির্মাতা জানিয়েছিলেন, দ্বিতীয় কিস্তিতে প্রথম সিরিজের বেশ কয়েকজন অভিনয়শিল্পী থাকবেন। পাশাপাশি নতুন কিছু মুখও যুক্ত হতে পারেন। বর্তমানে অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদের যৌথভাবে পরিচালনার বিষয়টিও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এর আগে বিজ্ঞাপনচিত্র নির্মাণে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার সিরিজের পাশাপাশি আরও দুটি সিনেমা যৌথভাবে নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের।