নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে নওশাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু নওশাদ শ্রীরামখিলা গ্রামের মেহেদী হাসান রাকিবের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে প্রতিবেশী এক শিশুর সাথে পুকুরপাড়ে খেলা করছিল নওশাদ। খেলার ছলে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায় সে। এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান তিনি।