নেত্রকোনায় বালু উত্তোলন ৩৯টি নৌকা জব্দ, একজনের জেল

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি মহাদেও নদে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৯টি বালুবাহী নৌকাসহ প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. নাজমুল মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

সাজাপ্রাপ্ত নাজমুল মিয়া নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। অভিযান কালে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য রাখা বালু জব্দ করে জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়।

এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে নৌকাগুলো নদীর পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে প্রশাসন। 

অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত