মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলইতে মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সদর থানা পুলিশের বিশেষ টিম মৃধা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার ওসি তছলিম উদ্দিন জানান, সাধারণ জনগণের সহায়তায় কমর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কমর উদ্দিন শিলই মধ্যকান্দি গ্রামের সাইফুল বেপারীর ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, উদ্ধার করা সরঞ্জামগুলো দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।