ঝিনাইদহে চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে পা বিচ্ছিন্ন

ঝিনাইদহ সদর উপজেলার  গোয়ালপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আবু মুসা (৩৫) নামে একজনকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই মামুন মোল্লার বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যার দিকে ওই উপজেলায় এ ঘটনা ঘটে। আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছেন, আবু মুসা মাঠের কাজ শেষ করে বিকালে বাড়িতে ফিরে। পরে ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন। সেসময় পথে আবু মুসার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেসময় স্থানীয়রা ছুটে এলে মামুন পালিয়ে যায়। পরে স্থানীয়রা  মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: ফারিহা তাহসিন জানান, আহতের শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম পা’য়ে কয়েকটা ধারালো অস্ত্রের আঘাত আছে। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদউজ্জামান জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। মামুনকে গ্রেপ্তার অভিযানে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।