গ্র্যান্ড ক্যানিয়নে বন্যায় নিখোঁজ ১৫ উদ্ধার ৬২

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) গতকাল সোমবার জানিয়েছে, এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্লাবিত এলাকা থেকে অন্তত ৬২ জনকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে।

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, অ্যারিজোনার জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র‌্যাঞ্চসংলগ্ন এলাকায় এই প্লাবনের পর সেখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে নতুন করে আকস্মিক বন্যা, পাহাড়ি ধস ও নদী রূপ পরিবর্তনের ঝুঁকি রয়েছে। গ্র্যান্ড ক্যানিয়নের তলদেশ থেকে উদ্ধার করা ৪১ বছর বয়সী পর্যটক নিকি ব্যাগস এই অভিজ্ঞতাকে ‘ভয়ানক’ হিসেবে বর্ণনা করেছেন। বিবিসিকে তিনি বলেন, দিনটি বেশ মনোরম ছিল। কিন্তু হঠাৎ করেই চারপাশের পরিস্থিতি বদলে যায়, মানুষ চিৎকার শুরু করে এবং প্রাণভয়ে যে যেদিকে পারে ছুটতে থাকে। প্রতি বছর প্রায় ৫০ লাখ পর্যটক গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসেন।