বক্স অফিসে পতনের মুখে যশের ‘টক্সিক’

‘কেজিএফ ২’-এর ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে দক্ষিণী সুপারস্টার যশের বড় পর্দায় ফেরা ঘিরে তৈরি হয়েছিল তুমুল উন্মাদনা। গীতু মোহনদাস পরিচালিত তার নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি ১০ লাখ রুপি আয় করে ঝোড়ো সূচনা করে। তবে সেই ধারার ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে তারকাবহুল এই ছবিটি।

দ্বিতীয় দিনেই আয় এক ধাক্কায় ৩৭ কোটি ৬৫ লাখ রুপিতে নেমে আসে। পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকে এই পতন। আইএমডিবিতে ১০-এর মধ্যে মাত্র ৩.৮ রেটিং এবং দুর্বল গল্প ও নির্মাণ নিয়ে দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া এই আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। রবিবারও আশানুরূপ ঘুরে দাঁড়াতে পারেনি সিনেমাটি।

তবে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা না থাকা এবং দেশজুড়ে প্রায় ১৫ হাজারের বেশি স্ক্রিনে প্রদর্শনের সুযোগ পাওয়ায় ছবিটি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ২৫১.৭৭ কোটি রুপি। নয়নতারা, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার মতো তারকাদের উপস্থিতি সত্ত্বেও যশের এই প্রতীক্ষিত সিনেমাটি প্রথম দিনের প্রত্যাশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।