পাইলট লুকে চমকে দিলেন তৌসিফ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ এএম

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার হাজির হচ্ছেন ভিন্নরূপে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’য় তাকে একজন পেশাদার পাইলটের চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে কাস্টমাইজ করা বিশেষ ইউনিফর্ম, ব্যাজ ও রোদচশমায় অভিনেতার বাস্তবসম্মত লুক তৈরি করে চমক দিয়েছেন তিনি।

সম্প্রতি পাইলটের পোশাক পরে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা ভাগ করে নেন তৌসিফ। তিনি জানান, সেই লুকে বিমানবন্দরের যাত্রী ও ভক্তদের অনেকেই তাকে আসল পাইলট ভেবে ভুল করেন এবং বিশেষ সম্মান প্রদর্শন করেন। পরিস্থিতির মজা নিতে ইচ্ছ করেই তিনি কিছুক্ষণ সাধারণ মানুষের মধ্যে ঘোরাঘুরি করেন। অভিনয়ের সূত্রে এমন ভিন্ন পেশার অভিজ্ঞতাকে অপূর্ব অনুভূতি বলে অভিহিত করেন এই অভিনেতা।

সম্পর্ক, আবেগ ও ভালোবাসার সমান্তরাল কয়েকটি গল্প নিয়ে তৈরি হচ্ছে রোমান্স-ড্রামা ঘরানার ‘ক্যাফে আমব্রেলা’। নামের সঙ্গে ‘ক্যাফে’ যুক্ত থাকলেও এটি খাবারকেন্দ্রিক কোনো গল্প নয়, বরং মানুষের গভীর অনুভূতির প্রকাশ। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন লোকেশনে এর শেষ ধাপের চিত্রগ্রহণ চলছে। এতে তৌসিফের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন লাক্সতারকা বিদুষী বর্ণিতা। আরও আছেন নাযাহ নাওয়ার, পার্থ শেখ ও আরেফিন জিলানি। এটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত