শাহজালালে থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ভেতরে দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে বিমান বাহিনীর একটি ট্রাক দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গেলে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজালালের উধ্বর্তনরা। 

দুঘর্টনায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

নিহতরা  হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এবং ৪ সদস্য আহত হন। আহতরা হলেন- কর্পোরাল সিফাত, আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে।