বেবিচক চেয়ারম্যান 

চলতি বছরই থার্ড টার্মিনাল উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (২০ জুলাই ২০২৬) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। 

বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, চলতি বছর থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে। আগস্ট বা সেপ্টেম্বর মাসে জাপানের সাথে চুক্তি করা হবে। 

কর্মশালায় সিভিল এভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (Standards and Recommended Practices-SARPs) অনুসরণের গুরুত্বও তুলে ধরেন।

সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের পৃথক স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, ট্রলি, চেয়ার ও কিউ বেল্ট সরবরাহ, মশা নিধন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের যাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে বেবিচক নিরলসভাবে কাজ করেছে।

এছাড়া এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য এয়ার কমোডোর মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি (Air Commodore Md. Noor-e-Alam, afwc, psc, ATC)। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS)-এর বিভিন্ন ক্যাটাগরি, অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS), এয়ারফিল্ড ওরিয়েন্টেশন, এয়ারফিল্ডে বিমান পরিচালনার বিভিন্ন দিক এবং অপারেশন চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

প্রধান অতিথি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত, কারিগরি এবং অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট খাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই।’ 

তিনি বলেন, ‘এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাত্রীসেবা এবং এভিয়েশন খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে পারেন।’

চেয়ারম্যান আরও বলেন, ‘গণমাধ্যম জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই এভিয়েশনের মতো সংবেদনশীল খাতে তথ্যের যথাযথ যাচাই, কারিগরি প্রেক্ষাপট সম্পর্কে সঠিক ধারণা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আজকের এই কর্মশালা বেসামরিক বিমান চলাচল ও বিমানবন্দর ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের জ্ঞান আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে এ খাতের সংবাদ পরিবেশনে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা ধারাবাহিকভাবে অপারেশনস, নিরাপত্তা এবং এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও এ ধরনের কর্মশালার আয়োজন করব, যাতে গণমাধ্যমকর্মীরা এ খাত সম্পর্কে আরও গভীর ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারেন।’ 

কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে তারা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যানসহ সংস্থাটির সদস্যরা সাংবাদিকদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং এভিয়েশন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত