রাজধানীতে শিক্ষিকার মৃত্যু

গ্রেপ্তার ও উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহতের ঘটনায় গ্রেপ্তার আসামি ও উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের সাফল্য গাথা সংবাদ সম্মেলন করে জানানো হলেও উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিষয়ে নিশ্চুপ রয়েছে র‌্যাব-২। গতকাল সোমবার রাতে র‌্যাব-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস বলেন, এটি অপারেশন ইউনিটের কাজ। মোটরসাইকেল নিয়ে কোনো তথ্য জানা নেই।

এদিকে মোটরসাইকেলের বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামি এবং মোটরসাইকেলের যে বিষয়টি সামনে এসেছে, সেটি নিয়েই তদন্ত চলছে। গত রবিবার র‌্যাব-২-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক ডিআইজি নয়মুল হাসান জানান, জাতীয় সংসদ ভবনের সামনে স্কুলশিক্ষিকা রনজিলা হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তার সহযোগী সেড্রিককে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ হত্যাকা-ের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ছিনতাই কাজে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলসহ হত্যাকা-ের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব-২।

ব্রিফিং শেষে গ্রেপ্তার মূল সন্দেহভাজনসহ তিন ব্যক্তিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তখন মূল সন্দেহভাজন মোশাররফ হোসেন পনি চিৎকার করে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। এমনকি ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের কোনো মিল নেই বলেও তিনি দাবি করেন। এ সময় অভিযুক্ত পনি বিষয়টি সাংবাদিকদের তদন্ত করে দেখার অনুরোধ করেন। এ কথা বলার পর র‌্যাব তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়।

তবে গত শনিবার ছিনতাইয়ের ঘটনায় যে দুটি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেখানেও ছিনতাইয়ের ঘটনায় নীল রঙের একটি মোটরসাইকেল দেখতে পাওয়া যায়। ফলে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া মোটরসাইকেলের রঙ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর কাছে ছিল। এ ছাড়া রনজিলা পারভিনের স্বামী আবদুল মতিন ঘটনাস্থলে এই বাইক ব্যবহৃত হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা গেছে, হত্যার মূল সন্দেহভাজন পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী। একাধিক অপরাধে অভিযুক্ত। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক, ভয়ভীতি প্রদর্শন করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

তিন আসামির রিমান্ড মঞ্জুর :  এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার র‌্যাব-২ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। নিহত শিক্ষিকার স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলার অভিযোগে বলেন, গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন পাকা রাস্তায় রনজিলা পারভীন অটোরিকশা করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়। ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচ- আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।