ঢাবিতে ৪ শিক্ষক বরখাস্ত

রাশেদকে ডাকসুর জিএস ঘোষণা

ছাত্রীদের গেট খোলার সময় বাড়ল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ এএম

জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগ এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল এবং অপর এক শিক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রাশেদ খানকে ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

অন্যদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাশেদ খানকে জিএস ঘোষণা : ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের পর তাকে জিএস ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রী হলের গেট রাত ১১টায় : অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টায় হলের গেট বন্ধ হবে। এতদিন রাত ১০টায় গেট বন্ধ করা হতো।

সিদ্ধান্তটি ছাত্রীদের একাডেমিক ও সাংগঠনিক কার্যক্রম শেষে হলে ফেরার ক্ষেত্রে অতিরিক্ত সময় দেবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে হলের গেট বন্ধের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ছাত্রীদের অনেকেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত