শাহজালালের থার্ড টার্মিনাল

দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ভেতরে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে বিমানবাহিনীর একটি ট্রাক দ্বিতীয়তলা থেকে নিচে পড়ে গেলে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা  হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজালালের ঊধ্বর্তনরা। দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয়তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং চার সদস্য আহত হন। আহতরা হলেন করপোরাল সিফাত, আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে।