অ্যাপলের নতুন সিইও জন টার্নাস, সামনে দুই বড় চ্যালেঞ্জ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। এমন এক সময়ে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির নেতৃত্বে আসছেন, যখন স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য অটুট থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দৌড়ে প্রতিষ্ঠানটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে আছে।

টার্নাসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে চীনের ওপর অ্যাপলের গভীর নির্ভরতা সামলে চলা। একই সঙ্গে হোয়াইট হাউসের তীব্র রাজনৈতিক চাপও মোকাবিলা করতে হবে তাকে।

এর মধ্য দিয়ে শেষ হচ্ছে টিম কুকের ১৫ বছরের অধ্যায়। অ্যাপলের বিশাল ও দক্ষ সরবরাহব্যবস্থা গড়ে তোলার জন্য পরিচিত অপারেশনস বিশেষজ্ঞ কুকের জায়গায় আসছেন এমন একজন প্রকৌশলী, যিনি প্রতিষ্ঠানের হার্ডওয়্যার পণ্য তৈরির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

৫১ বছর বয়সী টার্নাস ২০০১ সালে অ্যাপলের ডিজাইন দলে যোগ দেন। ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে উঠে আসেন এবং সরাসরি টিম কুকের কাছে রিপোর্ট করতেন।

অ্যাপলের পুরো পণ্যসারির প্রকৌশল দলগুলোর নেতৃত্ব দিয়েছেন টার্নাস। এর মধ্যে রয়েছে আইফোনও, যা এখনো কোম্পানিটির আয়ের সবচেয়ে বড় উৎস।

নতুন দায়িত্বে বসার পর নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময়ও পাচ্ছেন না তিনি। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক আইফোন ইভেন্ট। সেখানে কোম্পানিটি প্রথমবারের মতো একটি ভাঁজ করা যায় এমন আইফোন উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ইয়র্কভিল আইভস অ্যান্ড কো.-এর পার্টনার ও সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর ড্যান আইভস বলেন, 'টিম কুক অ্যাপলকে অসাধারণভাবে গোছানো অবস্থায় রেখে গেছেন। এখন টার্নাসের কাজ হবে এআইয়ের নতুন অধ্যায়টি কীভাবে এগিয়ে নেবেন, সেটি নির্ধারণ করা।'

আইভসের ধারণা, টার্নাস নিজের সবচেয়ে পরিচিত জায়গা—হার্ডওয়্যার—নিয়েই বেশি মনোযোগ দেবেন। 

তার মতে, 'ইতিমধ্যে যা ভালোভাবে কাজ করছে, তা বদলানোর কোনো কারণ নেই।' তিনি মনে করেন, টার্নাস মূলত হার্ডওয়্যারে নতুনত্ব আনার দিকে নজর দেবেন এবং কুকের গড়ে তোলা সরবরাহব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবেন না। 

অবশ্য অ্যাপল যখন এআইয়ের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে, তখন কোম্পানির সফটওয়্যার বিভাগের প্রধান ক্রেইগ ফেডেরিগিকে সিইও পদের জন্য বেশি স্বাভাবিক পছন্দ হিসেবে দেখেছিলেন কিছু বিশ্লেষক।

তবে টার্নাসের পক্ষে থাকা বিশ্লেষকদের যুক্তি, অ্যাপলের ক্ষেত্রে হার্ডওয়্যার এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষক মিলানেসি বলেন, 'ভোক্তারা এখনো সবার আগে হার্ডওয়্যার কিনছেন, আর দীর্ঘ সময় ধরেই বিষয়টি এমন থাকবে। আপনি হার্ডওয়্যার নিয়ে আগ্রহী না হলে এআইয়ের মূল্যও আবিষ্কার করতে পারবেন না।'