বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও শিক্ষাঙ্গনে মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষকসমাজকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
প্রসঙ্গত, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।