রাবি উপাচার্য

'শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ না করলে দ্বিতীয়বার সামনে আসব না'

উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন, ভাসমান ক্যান্টিন, মেডিকেল সেন্টারের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, তিনি খুব দ্রুত আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।
 
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
চার বছরে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসবেন না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। তিনি বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে কি না জানি না। তবে আমার প্রশাসন অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যেতে চায়।
 
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন, ভাসমান ক্যান্টিন, মেডিকেল সেন্টারের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং খুব দ্রুত আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।
 
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ এই স্টেজে উঠে আমি আবেগাপ্লুত হয়েছি। কারণ, দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে এ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি, তার মধ্যে আজকের অনুষ্ঠানটি সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করছি। আমি এমন এক সম্ভাবনাময় তরুণ-তরুণীর সামনে দাঁড়িয়ে আছি, যারা আগামীর বাংলাদেশের কাণ্ডারি। যারা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরার জন্য প্রস্তুত হতে আমাদের এই ক্যাম্পাসে এসেছে। তোমাদের আগামী দিনের পথচলা সুষ্ঠু ও সুন্দর হোক।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তার দীর্ঘ ঐতিহ্য ধারণ ও সৃষ্টি করে সামনে এগিয়ে যাচ্ছে। অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। শুধু মেধা নয়, তোমাদের অধ্যবসায়, পরিশ্রম ও চর্চার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকতে হবে। মেধার সঙ্গে পরিশ্রম ও অধ্যবসায় যুক্ত করতে পারলে পৃথিবীর যেকোনো কিছু জয় করা সম্ভব।
 
শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ অবশ্যই থাকবে। তবে স্বাধীনতা কখনোই দায়িত্বহীন নয়। মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকতে হবে। শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে এই স্বাধীনতার চর্চা করতে হবে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেজ্জুমান মিজান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিভিন্ন বিভাগের সভাপতি, আমন্ত্রিত অতিথি ও নবীন শিক্ষার্থীরা।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত