আদিবাসী নৃত্য ও আরতিতে কান্তনগর মন্দিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সহধর্মিণী ডিয়ান ডাওকে সাথে নিয়ে তিনি ঐতিহাসিক এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন ও ফুল দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা জানান। পরবর্তীতে রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন এবং ঐতিহ্যবাহী আরতি অনুষ্ঠানে যোগ দেন।

পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন বিখ্যাত এই টেরাকোটাশিল্প মণ্ডিত মন্দিরের নানাদিক ঘুরে দেখেন। তিনি কান্তনগর মন্দিরের ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং এর অপূর্ব কারুকাজের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, অষ্টাদশ শতাব্দীতে নির্মিত কান্তনগর মন্দিরটি দেশের অন্যতম প্রাচীন ও নজরকাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মাটির ফলকের (টেরাকোটা) চোখধাঁধানো কারুকাজের জন্য দেশ-বিদেশে মন্দিরটির বিশেষ খ্যাতি রয়েছে। ঐতিহাসিক এই রূপ দেখতে এবং গবেষণা করতে প্রতি বছরই বহু দেশি-বিদেশি পর্যটক ও গবেষক এখানে আগমন করেন।