সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার প্রকল্প জমা দিয়েছি: আনু এমপি

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি। নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম, সেসব এখন বাস্তবায়ন করছি। বিশেষ করে চলনবিলের মৎস্য ও কৃষিকে এগিয়ে নিতে কাজ করছি।

তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মওকুফ করেছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন দেশের ইতিহাসে তা বিরল।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন ।

এমপি আরও বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নাম ভাঙিয়ে কোন কর্মকান্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এসময় আরও বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, চামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল ইসলাম শেখ, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদৎ হোসেন মিন্টু প্রমুখ।