নাটোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় সাংবাদিকরা নাটোর জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধসহ জনস্বার্থের নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বিশেষভাবে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণ, অবাধে মাছ আহরণ রোধ, বিলের পরিবেশ রক্ষা এবং আবাদি জমি সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। কৃষিপ্রধান নাটোর জেলায় কৃষিজমি রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ, সরকারি বিভিন্ন সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও সাংবাদিকরা মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, এনটিভির হালিম খান, সময় টেলিভিশনের আল মামুন, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম ও সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এবং প্রথম আলোর মুক্তার হোসেন, দৈনিক দেশ রূপান্তরের আব্দুল হাকিমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

নবাগত জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি নাটোর জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার উন্নয়ন, সুশাসন ও সাধারণ মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত