এক দিনে দুই দফা বিপর্যয়, রাজশাহীতে ট্রেন যাত্রীরা দুর্ভোগে

একই দিনে দুই দফা বিপর্যয়ের কারণে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর একই দিন হরিয়ান রেলওয়ে স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইনে ভাঙন দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের কয়েক হাজার যাত্রী।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে মেরামত শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর কিছুক্ষণ পরই আবারও বিপত্তি দেখা দেয়। পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস হরিয়ান রেলওয়ে স্টেশনের অদূরে পৌঁছালে সকাল সোয়া ১১টার দিকে ট্রেনটির একটি বগির চাকার স্প্রিং খুলে যায়। এতে বগিটি লাইনের ওপর বিকল হয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে যান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি মেরামতের কাজ শুরু করেন। প্রথমে বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত বগির মেরামত শেষ হয়।

বেলা পৌনে ৩টার দিকে হরিয়ান এলাকায় ট্রেন চলাচলের লাইনটি সচল হলে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতকাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

একই দিনে দুই দফা রেললাইন ও ট্রেনের ত্রুটির কারণে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই মাঝপথে ট্রেন থেকে বিকল্প পথ ধরতে হয়।