হঠাৎ কলেজে শিক্ষামন্ত্রী, ক্লাসে উপস্থিত মাত্র একজন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে কলেজটিতে যান তিনি। 

এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে গিয়ে একটি কক্ষে মাত্র একজন ছাত্রীকে পান শিক্ষামন্ত্রী। অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোরের একটি অনুষ্ঠানে যোগ দিতে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী। 

বেলা ১১টার দিকে বিমানবন্দর থেকে সড়কপথে নাটোরের উদ্দেশে রওনা হন তিনি। পথে পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করেন মন্ত্রী।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কলেজের নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করেন। একটি কক্ষে গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের ক্লাস চলার সময় মাত্র একজন ছাত্রীকে উপস্থিত দেখতে পান। এ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষক জানান, ওই শ্রেণিতে মোট শিক্ষার্থী ১৫ জন। তবে সেদিন একজনই ক্লাসে এসেছে।

অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে শিক্ষকদের কাছে বিষয়টি জানতে চান শিক্ষামন্ত্রী। এক শিক্ষক জানান, ক্লাসের সময় হলেও শিক্ষার্থীদের অনেকেই শ্রেণিকক্ষে আসে না। তাদের ক্লাসে আনতে ডাকতে হয় বলেও জানান তিনি।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে সেদিন একজন উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরাতে বিভিন্নভাবে চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী করার বিষয়ে শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নজরদারিতে রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুও উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের একটি কলেজে। রাজশাহী থেকে সড়কপথে যাওয়ার সময় তিনি পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন।

 

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত