পার্বতীপুর লোকোমোটিভ কারখানা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দেশের বৃহৎ পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও রেল প্রযুক্তি ঘুরে ঘুরে দেখেছেন।

তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে পার্বতীপুর এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সফরে তিনি বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত মার্কিন প্রযুক্তি, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার ওয়ার্কশপ পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টা ২০ মিনিটে পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের ওয়ার্কশপ পরিদর্শন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে ট্রেনে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। তাঁকে বহনকারী ট্রেনটি টেনে আনে একটি আমেরিকার তৈরি লোকোমোটিভ (ইঞ্জিন)।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার ওয়ার্কশপ পরিদর্শন করেছি, কারখানাটি পরিদর্শন আমার কাছে চমৎকার লেগেছে।

তিনি বলেন, আজকে ট্রেনের যে লোকোমোটিভ বা ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি। যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করে আসছে এবং দারুণ প্রযুক্তি ও চমৎকার প্রকৌশল সেবা দিয়ে আসছে। বাংলাদেশে আমি এই প্রথম ট্রেনে ভ্রমণ করলাম। বিশ্বের নানা দেশে আমি ট্রেনে ভ্রমণ করেছি।

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ওয়ার্কশপ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আজ দুপুরে আমি পার্বতীপুরে অবস্থিত সেন্ট্রাল লোকোমোটিভ ওয়ার্কশপ পরিদর্শন করেছি। সেখানে দেখলাম কীভাবে বাংলাদেশ রেলওয়ের নিবেদিতপ্রাণ প্রকৌশলী, টেকনিশিয়ান ও কর্মীরা এখানকার যন্ত্রপাতি ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সংস্কার করছেন। আমি দেখলাম যুক্তরাষ্ট্রের সেই প্রযুক্তি এবং আমেরিকান লোকোমোটিভগুলো, যেগুলো বছরের পর বছর ধরে সেবা দিয়ে আসছে এবং এখনও বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের এই অংশীদারত্বের মূল বিষয়ই হলো যুক্তরাষ্ট্রের চমৎকার প্রযুক্তি, আমাদের হস্তশিল্প এবং এর সঙ্গে বাংলাদেশিদের দক্ষতা ও নিষ্ঠার সমন্বয়।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী মিস এনগক ডিন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিস নিকোল ক্ল্যারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং ফিরোজ আহমেদ।

এ সময় বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) মো. বোরহান উদ্দিন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ হাসানুজ্জামান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ হুসাইন রাজু, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আ. ওয়াদুদ, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।