দেশে প্রথম আন্তর্জাতিক প্রস্থোডন্টিকস সম্মেলন ও ডেন্টাল এক্সপো

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রস্থোডন্টিকস সম্মেলন ও ডেন্টাল এক্সপো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রস্থোডন্টিকস সোসাইটি (বিপিএস)। আগামী ১৩ ও ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘১ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ডেন্টাল এক্সপো ২০২৬’। এ উপলক্ষে গত ৩১ আগস্ট রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের পোস্টার উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রস্থোডন্টিকস সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রস্থোডন্টিকস সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. মাসুদূর রহমান। বৈজ্ঞানিক সেমিনার উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ।

আন্তর্জাতিক সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মাহবুবুর রাহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল আওয়াল এবং সদস্যসচিব ডা. আলমগীর কবীর উজ্জ্বল বক্তব্য দেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ডিন অধ্যাপক ডা. শাঁখাওয়াত হোসেন সায়ন্থ, ডিএবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. শরিফুল ইসলাম বাহারসহ দেশের বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও ডেন্টাল ইউনিটপ্রধানরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রস্থোডন্টিকসের সর্বাধুনিক জ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতির সঙ্গে দেশের ডেন্টাল পেশাজীবীদের সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত প্রস্থোডন্টিস্ট ও ডেন্টাল বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে বৈজ্ঞানিক সেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং আধুনিক ডেন্টাল প্রযুক্তি ও উপকরণের প্রদর্শনী থাকবে। একই সঙ্গে ডেন্টাল এক্সপোরও আয়োজন করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে দেশের ডেন্টাল পেশাজীবীদের সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলের যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি ডেন্টাল শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় আধুনিক প্রস্থোডন্টিকসের বিকাশে নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল হাসান, ডা. সজীব তরফদার, ডা. হারুন, ডা. শামীমসহ ডেন্টাল সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন ডেন্টাল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।