লিভারের সুস্থতায় খাদ্যাভাস

আজকাল ফুডহ্যাবিট এবং লাইফস্টাইলের পরিবর্তনে সুস্থ থাকাও কঠিন হয়ে যাচ্ছে। লিভারের সুস্থতায় আমাদের কী করতে হবে বিস্তারিত জানালেন ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার

লিভারের কাজ

 খাদ্যের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পুষ্টিতে পরিবর্তন করা যা আমাদের শরীর সুস্থ থাকতে প্রয়োজন।

 খাবার থেকে পুষ্টি সঞ্চয় করা এ কারণে লিভারকে স্টোর হাউজও বলা হয়।

 রক্তের বর্জ্য উপাদান দেহ থেকে নিঃসরণ করা যা পায়খানা ও প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়।

 বিভিন্ন ওষুধ, অ্যালকোহল ভেঙে ফেলে।

 বিভিন্ন এনজাইম এবং পিত্তরস উৎপাদন করে যা খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে।

 রোগপ্রতিরোধের জন্য শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ভূমিকা রাখে।

সুস্থতায় করণীয়

ভালো থাকতে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে। অতিরিক্ত ওজনে লিভারে ফ্যাট জমে গিয়ে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।

যা লিভারের রোগের দ্রুত বর্ধনশীল রূপগুলোর একটি। সবসময় সুষম খাবার খেতে হবে। উচ্চক্যালরিযুক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাট, রিফাইন্ড কার্ব অর্থাৎ সাদা রুটি, সাদা ভাত, রেগুলার পাস্তা এবং চিনি বাদ দেওয়া। কাঁচা বা কম রান্না করা শেলফিশ বর্জন করা। প্রতিদিনের খাবারে উচ্চখাদ্যআঁশযুক্ত খাবার হিসেবে মৌসুমি ফল ও সবজি, হোলগ্রেইন শস্য নির্বাচন করুন। লিভারের জন্য উপকারী গাঢ় সবুজ শাক-সবজি রঙিন ফল যেমন কমলা, বিট, গাজর। ডিপ-ফ্রাই খাবার পুরোপুরি বাদ দিন। কম চর্বিযুক্ত মাংস, কম ননিযুক্ত দুধ খাওয়া ভালো। অসম্পৃক্ত চর্বির উৎস হিসেবে বাদাম, বিভিন্ন বীজ এবং মাছ খাওয়ার চেষ্টা করুন। সুস্থতার অপরিহার্য উপাদান পানি। পানি সমতা বজায় রাখতে কমপক্ষে ১০-১২ গ্লাস পানি, জুস, স্যুপ খাওয়া প্রয়োজন। প্রতিদিন ২০-৩০ মিনিট নিয়মিত ব্যায়াম বা হাঁটা। এটি জ্বালানির জন্য ট্রাইগ্লিসারাইড ব্যবহার করে, ফলে লিভারে চর্বি জমতে বাধা  দেয়। যে কোনো ধরনের টক্সিন এড়িয়ে চলুন। কারণ টক্সিন লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

প্রতিনিয়ত দেহে জমে যাওয়া বিভিন্ন টক্সিন উপাদান নিঃসরণে দম চর্চা করা, আদা পানি খাওয়া, লেবু পানি পান করা উচিত। কীটনাশক, অ্যারোসল বা রাসায়নিক পদার্থগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে দিন। যেমন অ্যারোসল ব্যবহার করলে খেয়াল করুন যেন সেখানে বায়ু চলাচলের সুবিধা থাকে। পাশাপাশি মাস্ক ব্যবহার করুন। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি আইটেম শেয়ার করা থেকে বিরত থাকুন। যেমন রেজার, টুথব্রাশ, আন্ডার গার্মেন্টস ইত্যাদি। বাথরুম ব্যবহারের পর সবসময় হাত ভালো করে ধুয়ে নিন।

খাবার তৈরি বা খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। অতিরিক্ত ভিটামিন বা মিনারেলসযুক্ত সাপ্লিমেন্ট খাওয়া থেকে বিরত থাকুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য রাতের ঘুম খুব জরুরি। ভালো পুষ্টি এবং স্বাস্থ্যকর জীবনধারা এই কঠোর পরিশ্রমী অঙ্গকে সুস্থ রাখতে সহায়তা করে।